ইলন মাস্কের কানাডার নাগরিকত্ব বাতিলের দাবি

অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডারও নাগরিক।

তবে সম্প্রতি তার কানাডীয় নাগরিকত্ব বাতিলের দাবিতে পিটিশন জমা পড়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত সেটির পক্ষে স্বাক্ষর করেছেন ২ লাখ ৮০ হাজারেরও বেশি কানাডীয়।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার একটি ধনী পরিবারে জন্ম নেওয়া ইলন মাস্কের মা মায়ে মাস্ক কানাডার নাগরিক ছিলেন। দেশটির সাসকাচিউয়ান রাজ্যের বাসিন্দা ছিল মাস্কের মাতামহের পরিবার। মাস্কের ছোটো বেলাতেই তাকে সঙ্গে নিয়ে কানাডায় পাড়ি জমান তার বাবা-মা এবং মায়ের সূত্রে কানাডার নাগরিকত্ব অর্জন করেন তিনি।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের লেখক কোয়ালিয়া রিডস গত ২০ ফেব্রুয়ারি দেশটির পার্লামেন্টের নিন্মকক্ষ হাউস অব কমন্সে জমা দিয়েছেন পিটিশনটি; আর এক্ষেত্রে তাকে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দিয়েছেন নিউ ডেমোক্রেটিক দলের এমপি শার্লি অ্যাঙ্গাস, যিনি মাস্কের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।

পিটিশনটিতে বলা হয়েছে, “কানাডার নাগরিক হওয়া সত্ত্বেও মাস্ক সম্প্রতি এমন কিছু কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়েছেন, যা কানাডার জাতীয় স্বার্থবিরোধী। এই মুহূর্তে তিনি এমন একটি বিদেশি সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, যেটি কানাডার সার্বভৌমত্বকে মুছে ফেলতে চায়।” সূত্র: বিবিসি, আল-জাজিরা, ইউরো নিউজ, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights