বোয়ালমারীতে ৪ মাদক ব্যবসায়ী আটক
বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। দীর্ঘদিন ধরে বোয়ালমারী সেনা ক্যাম্পে স্থানীয় এলাকায় মাদকের বিস্তার বৃদ্ধির অভিযোগ আসছিল। এ প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার ভোর রাত ৩টার দিকে যৌথ টহল দল গোপন সূত্রে তথ্য পায় যে, বোয়ালমারীর স-মিল এলাকায় সেহরির আগে মাদক লেনদেন চলছে। তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের বাড়ির চারপাশ ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত মাদকসহ তাদের বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
