দোকানে ঢুকে গেল ট্রাক, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দোকানি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দোকানে ঢুকে গেছে। এতে করে দুটি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান দোকানিরা।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কের পান বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, ভাঙ্গা বাজারের প্রধান সড়কের শ্রী দুর্গা ভাণ্ডার নামের একটি মুদি দোকান ও সুফিয়ান সু স্টোর নামের একটি জুতার দোকানে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়েছে।

শ্রী দুর্গা ভাণ্ডারের স্বত্বাধিকারী বিপ্লব সাহা (৪৫) জানান, ট্রাকটি তাদের মুদি দোকানে ঢুকে গেলে দোকানের সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনায় তাদের দোকানের কমপক্ষে আড়াই লাখ টাকার মুদি মালামাল নষ্ট হয়েছে। ভাগ্যক্রমে দোকানের ক্যাশে বসে থাকা তার ভাই সুভাষ সাহা (৩৬) বেঁচে গেছেন।

সুফিয়ান সু স্টোরের মালিক মিজানুর রহমান জানান, তার দোকানের ডেকোরেশনের আসবাবপত্র ও ফ্যান নষ্ট হয়েছে। জুতা ও স্যান্ডেলসহ কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

ভাঙ্গা বাজারের ব্যবসায়ীরা জানান, ট্রাকটি চালকের সহকারী চালাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি থানায় আনা হয়েছে। চালক পলাতক। দুটি দোকানের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights