গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহরিয়ার খান বিপ্লবকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের কাঁচা বাজারের আড়তের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাহরিয়ার খান বিপ্লব সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর এলাকার মৃত ফরহাদ হোসেন খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, তারাবির নামাজের পর সদর ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাহরিয়ার খান বিপ্লবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়েছে। বিপ্লবের বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর-আগুনের ঘটনায় জড়িতের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights