ঈদযাত্রায় উত্তরাঞ্চলবাসীর ভোগান্তি বাড়ছে

আবদুর রহমান টুলু, বগুড়া

ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। দীর্ঘ সময় পরিবার থেকে আলাদা থাকার পর প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে কয়েক দিনের জন্য মানুষ ঘরে ফিরে যায়। এজন্য ঈদে সবারই থাকে বাড়ি ফেরার তাড়া। ঈদের ছুটি শুরু হওয়ার আগেই ঘরমুখো মানুষের ভিড় দেখা যাচ্ছে বাস ও ট্রেনের টিকিট কাউন্টারগুলোতে। ঈদ সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষ। কিন্তু এবারের ঈদযাত্রা কতটা সুবিধাজনক হবে এ নিয়ে চিন্তা ঘরে ফেরা মানুষের। তাদের দাবি, দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়ায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে বাড়ছে ভোগান্তি। এ ছাড়া ঈদের সময় বিভিন্ন চক্র যেমন মলম পার্টি, গামছা পার্টির আবির্ভাব হয়। বিশেষ করে মলম পার্টির প্রাদুর্ভাব ঈদের সময় বেশি দেখা যায়। তারা খাবারের মধ্যে নেশাজাতীয় বা চেতনানাশক দ্রব্য মিশিয়ে মানুষকে অজ্ঞান করে অর্থ, মোবাইল এবং প্রয়োজনীয় জিনিসপত্র হাতিয়ে নেয়। সব মিলিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কি না এ নিয়ে শঙ্কায় ঘরমুখো মানুষ। হাইওয়ে পুলিশ রিজিয়ন বগুড়ার পুলিশ সুপার শহিদ উল্লাহ বলেন, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় ৫০০ পুলিশ সদস্য নিযুক্ত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights