চাচার হাসুয়ার কোপে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ীতে চাচার হাঁসুয়ার কোপে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কাওসার আহমেদ রকি (২৭)। তার বাবার নাম মজিবর রহমান। ঘটনার পর পালিয়েছেন চাচা রবিউল ইসলাম (৩০)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাওসার আহমেদ ঢাকায় নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতেন। ঈদে বাড়ি এসেছিলেন। দুপুরে পারিবারিক কলহের জেরে চাচা রবিউল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা রবিউল ইসলাম হাঁসুয়া দিয়ে কাওসার আহমেদকে কুপিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

রামেক হাসপাতালে নেওয়ার পথে কাওসারের মৃত্যু হয়। তখন পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে যান।

ওসি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পালিয়েছেন চাচা রবিউল ইসলাম। তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights