মির্জাপুরে বাছুরসহ দুই গাভী চুরি

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে দুই গৃহস্থের বাড়িতে হানা দিয়ে চোরের দল বাছুরসহ দুইটি গাভী গরু চুরি করে নিয়ে গেছে। বুধবার (২ এপ্রিল) রাতে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামে এই গরু চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, চোরের দল রাতে বাওয়ার কুমারজানী মধ্যপাড়ার বাসিন্দা আব্দুল বারেক মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙে বাছুরসহ গাভী চুরি করে নিয়ে যায়। একই রাতে ওই গ্রামের খামারপাড়ার পরিতোষ মন্ডলের একটি গাভী গরু চোরের দল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরিবার দুইটি নিঃস্ব হয়ে পড়েছে বলে জানা গেছে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি রাতে বাওয়ার কুমারজানী মধ্যপাড়ায় একই কায়দায় চোরেরা লুবান মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙে দুইটি গরু চুরি নিয়ে গেছে।

এদিকে, একের পর এক গরু চুরির ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ২৭ মার্চ রাতে উপজেলার বাইমাইল গ্রামে গরু চুরি করতে গিয়ে ধরা পড়লে গণপিটুনিতে মনির মোল্লা ওরফে আবুল মোল্লা ওরফে আকু (৪০) নামে এক গরু চোরের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights