রাজবাড়ীতে নিরব হত্যার প্রধান আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে কিশোর নিরব (১৭) হত্যা মামলায় প্রধান আসামি মো. মিজান শেখকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মিজান শেখ উপজেলার বাগলপুর গ্রামের টেন্ডু শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৩ মার্চ কালুখালীর বাগঝাপা সালেপুর এলাকার পদ্মা নদী থেকে নিরব শেখের মরদেহ উদ্ধার করা হয়। তার কোমরে বালু ভর্তি প্লাস্টিকের বস্তা ও শিকল বাঁধা ছিল। এর আগে ২০ মার্চ থেকে সে নিখোঁজ ছিল। নিহতের বাবা জিয়ারুল শেখ ওই দিনই কালুখালী থানায় অপহরণ ও হত্যা মামলা করেন।

তদন্তে জানা যায়, নিরবের বাবা জিয়ারুল শেখ ও তার চাচাতো ভাইদের মধ্যে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জিয়ারুল তার চাচাতো ভাই লিয়াকত শেখের পক্ষ নিয়েছিলেন, যা অপর চাচাতো ভাই কাইয়ুম শেখের রোষের কারণ হয়। এরই জেরে কাইয়ুম শেখ ও তার সহযোগী মিজান মিলে নিরবকে অপহরণ করে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। এরপর কোমরে বালু ভর্তি বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেয়।

পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মিজানকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার শামিমা পারভীন জানান, ঘটনাটি অত্যন্ত নির্মম এবং পরিকল্পিত ছিল। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights