যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ফের রিমান্ডে

আদালত প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মঞ্জুরুল হাসান জিসান নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর নুর হোসেন গত ২২ মার্চ তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

রিমান্ড শুনানিকালে তাকে ডাকা হয়। এজলাসে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে হাত ওঠানোর জন্য বলা হয়। তখন আবুল হাসান বলেন, ‘হাত ওঠাবো কেমনে, পেছনে তো হ্যান্ডকাফ লাগানো।’

পরে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘আবুল হোসেন আলোচিত ব্যক্তি। ছাত্র-জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে প্রায় ৫০ জন ছাত্র-জনতার লাশ পড়ে ছিল। আন্দোলন দমনে তিনি বিরাট ভূমিকা পালন করেছেন। হত্যাচেষ্টা মামলায় তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার ৫ দিনেরই রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।’

তবে আবুল হাসানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে হাঁটুতে গুলিবিদ্ধ হন মঞ্জুরুল আলম জিসান (১৯)। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. তাজ উদ্দিন (৬৬) গত বছরের ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি আবুল হাসান।

এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights