সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সাফল্য
অনলাইন ডেস্ক
দেশের বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশন আয়োজিত স্কুল পর্যায়ের খেলাধুলা প্রতিযোগিতায় রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ অভাবনীয় সাফল্য অর্জন করে চলেছে।
বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় যুব দাবা প্রতিযোগিতা ২০২৫ এর বালক অনুর্ধ্ব-৮, বালক অনুর্ধ্ব-১০, বালক অনুর্ধ্ব-১২, বালিকা অনুর্ধ্ব-১৪ ক্যাটাগরির সবগুলোতেই চ্যাম্পিয়ন হয় সাউথ পয়েন্টের শিক্ষার্থীরা। বালিকা অনুর্ধ্ব-১৬ ক্যাটাগরিতেও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩য় স্থান অর্জন করে।
সম্প্রতি দেশব্যাপি “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষ্যে বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত স্কুল দাবা প্রতিযোগিতায় ওপেন ও বালিকা উভয় বিভাগেই সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসব স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় সাউথ পয়েন্টের বালিকা দল রানার্সআপ হয়।
উল্লেখ্য, সাউথ পয়েন্ট স্কুলের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ার্শিয়া খুশবু তিন তিন বার এশিয়ান স্কুল
দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৪ সালেও সে শ্রীলংকার কলোম্বোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করে। বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত জাতীয় পর্যায়ে একক দাবাতেও ৭ম শ্রেণির এই ছাত্রী বর্তমান চ্যাম্পিয়ন।
এদিকে, সম্প্রতি সাউথ পয়েন্টের আরেক ৯ বছরের শিক্ষার্থী রাইয়ান রশীদ মুগ্ধ ঘটিয়েছে এক অবিশ্বাস্য কাণ্ড। অনলাইন বুলেট দাবা গেমে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের দাবারু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে বিশ্ব দাবা অঙ্গনে সাড়া ফেলে দিয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কারাতে দলও পিছিয়ে নেই, বাংলাদেশ কারাতে অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ ক্লাব কারাতে চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের কারাতে দল ৫টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৯টি তাম্র পদক অর্জন করে।
বাংলাদেশ দাবা ও হ্যান্ডবল ফেডারেশনের ২য় বিভাগ লীগে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব (এসপিএসসি) নিয়মিত ভাবে অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা প্রদর্শনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে এখন বেশ আলোচিত ও প্রশংসিত হচ্ছে।
অন্যদিকে দেশব্যাপী স্কুল পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতার অংশ হিসেবে ঢাকা মহানগরীর কয়েকশত স্কুলের মধ্যে সেরা ১৮টি দল নিয়ে আয়োজিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫-এ অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে সাউথ পয়েন্ট স্কুলের বালক দল। গত স্কুল ক্রিকেট আসরে শৃঙ্খলা ও পারফরম্যান্সের ভিত্তিতে অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির বিশেষ অ্যাওয়ার্ড।
এসব সাফল্যের ধারা অব্যাহত রাখতে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগের স্পোর্টস ক্লাব বিভিন্ন ইভেন্টে মোট ১৪ জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অবঃ) মনে করেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের যেমনি আত্মবিশ্বাসী ও বিকশিত করতে ভূমিকা রাখে, তেমনি ধারাবাহিক এই সাফল্যে সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থীবৃন্দ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আসরে নিজ প্রতিষ্ঠান ও দেশের জন্য আরও সুনাম বয়ে আনাসহ সুশৃঙ্খল জীবন গঠনে করে আদর্শ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।
