পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল, রাতে কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

রাজধানীতে মশাল মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত পৌনে ৮টায় তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আশপাশের রাস্তায় এ মিছিল করেন তারা।

‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে হওয়া এই মিছিলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও দেশের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলের অগ্রভাগে ছিলেন নারী শিক্ষার্থীরা।

মিছিলটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের গেট থেকে শুরু হয়ে তেজগাঁওয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।

মিছিল শেষ এক সংক্ষিপ্ত সমাবেশে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র প্রতিনিধি নিশান রহমান বলেন, আজ সচিবালয়ে আমাদের সঙ্গে নাটক করা হয়েছে। সেখানে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা আজ রাতের মধ্যে সিদ্ধান্ত নিন, পদত্যাগ করবেন, নাকি দাবি মেনে নেবেন। যদি দাবি না মানেন তাহলে আগামীকাল থেকে আমাদের অসহযোগ আন্দোলন শুরু হয়ে যাবে।

এ সময় তিনি জানান, আমাদের পরবর্তী কর্মসূচি রাত ১০টার মধ্যে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।

এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক করে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিকেল ৩টার দিকে বেরিয়ে তারা বলেন, বৈঠকের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নন।
ছয় দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন এই শিক্ষার্থীরা। তবে সচিবালয়ে বৈঠকের আহ্বানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ‘রেলপথ ব্লকড’ কর্মসূচি শিথিল করেন।

তার আগে বুধবার (১৬ এপ্রিল) দিনভর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে রাখেন তারা। এছাড়াও সারা দেশে পলিটেকনিকের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights