জাবিতে আবাসিক হলের নিরাপত্তা নিশ্চিতসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।

রবিবার রাত সাড়ে ৮টায় ওই হল থেকে মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেগম সুফিয়া কামাল হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে রাত ১০টার দিকে দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে হলের আবাসিক শিক্ষক মোসাব্বের হোসেন ও ওয়ার্ডেন মাহবুবুর রহমান আশ্বস্ত করলে ফিরে যান শিক্ষার্থীরা।
তাদের অন্য দাবিগুলো হলো-হলের চারপাশের দেয়ালের উচ্চতা বাড়ানো, হাইওয়েতে সিসিটিভি লাগানো ও মনিটরিংয়ের জন্য পর্যাপ্ত লোকবল রাখা, হলের চারপাশে পর্যাপ্ত ফ্লাড লাইট লাগানো, গার্ডের দায়িত্ব পালন নিশ্চিত করা, নিচ তলার প্রতিটা রুমের উইন্ডো কেসিং লাগানো, হলের পেছনের দিকে হল এটেন্ডেন্টের উপস্থিতি নিশ্চিতকরণ, হল সুপারের উপস্থিতি নিশ্চিতকরণ, নিচ তলার ডাইনিং ও গণরুমে জানালায় পর্দা লাগানো, শিক্ষার্থীদের নিরপেক্ষ জবাবদিহি চাওয়ার অধিকার নিশ্চিতকরণ।

জানা যায়, রবিবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হল বেগম সুফিয়া কামাল হল, বেগম খালেদা জিয়া হল এবং শেখ হাসিনা হলে একযোগে চুরির চেষ্টা ও পরে ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং হেনস্তার ঘটনা ঘটে।

এর আগে গত ৭ মার্চ ভোররাতে শেখ হাসিনা হলে ঢুকে ১১০০ টাকা চুরি ও ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পুনরাবৃত্তিতে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights