রেললাইনে আটকে গেল বাস, আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে নামলেন যাত্রীরা

অনলাইন ডেস্ক

ট্রেন আসার আগে রাজধানীর মগবাজার রেলগেটে রেললাইনের ওপর একটি যাত্রীবাহী বাস আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রাণভয়ে যাত্রীদের বাসের জানালা দিয়ে লাফিয়ে নামতে দেখা যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।

শুক্রবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই চিত্র দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বাসটি রেললাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায়। চালক কিছু সময় চেষ্টা করেও বাসটিকে সামনে বা পেছনে নিতে পারেনি। এমন সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রড গেজ ট্রেন আসতে থাকে। কিন্তু বাসটি আটকে যাওয়ায় বেরিয়ার ফেলতে পারছিলেন না গেটকিপার। তারা বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করছিলেন।

আরও দেখা যায়, যাত্রীরা প্রাণভয়ে এমন সময় বাসের জানালা লাফিয়ে নামতে শুরু করেন। বেশ কয়েকজন নেমেও যান। এমন সময় বাসের চালক কোনো রকমে বাসটি পেছনে নিতে সক্ষম হন। তার কয়েক সেকেন্ড পরে উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটতে দেখা যায়নি।

বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights