মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার্জ গঠন ২৩ এপ্রিল

মাগুরা প্রতিনিধি

মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলাটির অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। আজ রবিবার (২০ এপ্রিল) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে চার্জ গঠনের জন্যে ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল মামলাটির তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আলাউদ্দিন সরদার শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় অভিযুক্ত চার আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ এবং সজিবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পিপি মনিরুল হাসান মুকুল জানান, আসামিদের বিরুদ্ধে পুলিশের চার্জশিটে যে অভিযোগ আনা হয়েছে সেটি আমলে নিয়ে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান চার্জ গঠনের জন্যে ২৩ এপ্রিল তারিখ নির্ধারণ করে দিয়েছেন। সকালে মামলায় অভিযুক্ত সকল আসামিকে আদালতে উপস্থিত করে তাদের সম্মুখেই মামলাটি আমলে নেয়া হয়।

এর আগে গত ৮ মার্চ পুলিশের অভিযুক্ত এই চারজনকেই আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন শিশুটির মা।

মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। এ ঘটনার পর মাগুরা ছাড়াও সারাদেশে শিশু নির্যাতনের প্রতিবাদে স্কুল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামে।

এদিকে ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।

এ ঘটনার পর পুলিশের রিমাণ্ড চলাকালে মামলাটির মূল আসামী শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ১৫ মার্চ শনিবার বিকালে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দেয়। যেখানে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও মামলার তদন্তকারী কর্মকর্তা হিটু শেখ ছাড়াও মামলায় অভিযুক্ত বাকি ৩ জনের বিরুদ্ধেও অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights