রিয়ালের বিপক্ষে ফাইনালের আগে ছিটকে গেলেন লেভানদোভস্কি

অনলাইন ডেস্ক

কোপা দেল রের ফাইনালের আগে অনেক বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। দলের সেরা স্ট্রাইকার ও মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানদোভস্কি চোট পেয়ে ছিটকে গেছেন।

বার্সেলোনার ওয়েবসাইটে পোলিশ তারকার পায়ে চোট পাওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। তার মাঠে ফেরার সম্ভাব্য সময়ের বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি বিবৃতিতে। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের শিরোপা লড়াইয়ে লেভানদোভস্কির খেলার কোনও সম্ভাবনা নেই।

লা লিগায় গত শনিবার সেলতা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ে এই চোট পান লেভানদোভস্কি। ৭৮তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। ডাগআউটে তার পা চেপে বসে থাকা দেখেই শঙ্কা জাগে, উদ্বিগ্ন দেখাচ্ছিল বার্সেলোনার চিকিৎসকদেরও।

আর সেই শঙ্কাই সত্যি হলো। সেলতা ম্যাচটি লা লিগায় লেভানদোভস্কির ছিল শততম ম্যাচ। মাইলফলক ছোঁয়ার উপলক্ষ তার নিজের ও দলের জন্য হয়ে রইল অনেক বড় হতাশার।

অনির্দিষ্টকালের জন্য ছিটকে পড়া লেভানদোভস্কি চলতি মৌসুমে ক্যারিয়ারে যেন সেরা সময় কাটাচ্ছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৪৮ ম্যাচ খেলে ৪০ গোল করেছেন তিনি। এর মধ্যে ২৫টি করে লা লিগার গোলদাতার তালিকায় আছেন শীর্ষে এবং চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১১টি।

কোপা দেল রে ছাড়াও ওই দুই শিরোপা লড়াইয়েও ছুটছে বার্সেলোনা। ঘরোয়া লিগে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে। আর চ্যাম্পিয়ন্স লিগে তারা উঠেছে সেমিফাইনালে।

দুই লেগের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ৩০ এপ্রিল ইন্টার মিলানের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের খবর, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ৩৬ বছর বয়সী তারকা লেভানদোভস্কিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights