কুমিল্লায় জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে উম্মে তাহমিনা আক্তার (১৯) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তাহমিনা উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। তিনি স্নাতকে ভর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছিলেন।

তাহমিনার পারিবারিক সূত্রে জানা যায়, দেবিদ্বার থেকে এসএসসি পাস করার পর তিনি ঢাকার কালাচাঁদপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিষয়ে ভর্তি হন। পরিবারসহ তারা ভাটারা এলাকা সংলগ্ন স্থানে বসবাস করতেন। গত বছর এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছিলেন তিনি। গত শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাহমিনা ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য দেবিদ্বারে তার দাদার বাড়িতে আসেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজে আসন পড়ায় সরাসরি দেবিদ্বার থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে তিনি দেবিদ্বার ফিরে যান। বিকেল ৩ টার দিকে দাদার বাড়িতে জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সংশোধন করবেন বলে বের হন। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনদিনেও ফিরে না আসায় সর্বশেষ ২১ এপ্রিল বিকেলে দেবিদ্বার থানায় নিখোঁজ ডায়েরি করেন তার ভাই। তাদের ধারণা, তাহমিনাকে অপহরণ করা হয়েছে।

দেবিদ্বার থানার উপপরিদর্শক শুভ কুমার শীল বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights