আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেয়া হোক; সামছুজ্জমান দুদু
কুড়িগ্রাম প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জমান দুদু বলেছেন, যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেয়া হোক। আজ সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধ করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে। ড. ইউনুস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।
তিনি আরও বলেন, ৩১ দফা বিএনপি’র একার দফা না। বিএনপি কি করবে ক্ষমতায় গেলে সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।
প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আরও যোগ দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপি’র নেতারা।
কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়ননের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতা। বিকাল সাড়ে ৪ টায় কর্মশালায় ভার্চুয়ালী যোগ দিবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
