দর্শনা বন্দর দিয়ে এলো ভারতীয় পিয়াজ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
রমজান মাসে পিয়াজের বাজার স্থিতিশীল রাখতে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে দেড় হাজার টন ভারতীয় পিয়াজ আমদানি করা হয়েছে। রবিবার রাতে ৪২টি ওয়াগনে করে এ পিয়াজ দেশে প্রবেশ করে।
আমদানিকৃত পিয়াজ খালাসে নিযুক্ত দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রবি হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাট ট্রেডার্স দেড় হাজার টন পিয়াজ আমদানি করেছে। ইনভয়েস অনুযায়ী প্রতি কেজি পিয়াজের আমদানি মূল্য শূন্য দশমিক ১২ ডলার। রমজান মাসে পিয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ পিয়াজ আমদানি করা হয়েছে।
তিনি জানান, আমদানি করা পিয়াজ দর্শনা বন্দর থেকে যশোর নওয়াপাড়া বন্দরে বুকিং নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান। দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে আরও বিপুল পরিমাণ পিয়াজ আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
