ক্রীড়াঙ্গনে সুনামের জন্য হবে অলিম্পিক কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খেলাধুলার উন্নয়ন ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির জন্য ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নিবার্হী কমিটির সভায় সভাপতির ভাষণে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আরও জানায়, সভার মূল কার্যক্রম শুরুর আগে ৭ ডিসেম্বর থেকে ২২ এপ্রিল পর্যন্ত পরলোকগত ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও ক্রীড়া পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে সভাপতি বিওএর সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য সব ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় সেনাপ্রধান বলেন, প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুনে শুরুর পরিকল্পনা করা হয়েছে। এ সভায় তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস ও ১৪তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ ও দশম বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

পাশাপাশি সভায় ৭ ডিসেম্বর অনুষ্ঠিত বিওএর কার্যনির্বাহী কমিটির ০৩/২০২৪ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights