মিরপুরে সড়কে নির্মিত অবৈধ আট গেট গুঁড়িয়ে দিল ডিএনসিসি

অনলাইন ডেস্ক

মিরপুরের রূপনগরে সড়কে অবৈধভাবে নির্মিত আটটি গেট গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর সেকশন-২ এলাকার বিভিন্ন রোডে অবৈধভাবে নির্মিত গেটগুলো উচ্ছেদ করা হয়।

এছাড়া ফুটপাত ও রাস্তার প্রায় শতাধিক অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করে প্রায় এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ফুটপাত দখল করে দোকান পরিচালনা করায় একটি ফার্নিচারের দোকান ও একটি খাবারের দোকান মালিককে তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ যেকোনো স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএনসিসির নিয়মিত কার্যক্রম। এটি চলমান আছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাদের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে রাস্তায় অবৈধভাবে নির্মিত গেটগুলো আমরা ভেঙে দিয়েছি। এই গেটগুলো বিনা অনুমতিতে লাগানো হয়েছে, যার ফলে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। অন্যান্য সকল রাস্তার অবৈধ গেটগুলো অপসারণে আমাদের অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights