‘শ্রমিকদের সব ন্যায্য দাবি মেনে নিতে হবে’
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে কণ্ঠকে উচ্চকিত করতে হবে। শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে এই দিন থেকে আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশবাসীসহ শ্রমজীবী মানুষদের এই দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান করছি। পয়লা মে শুধু পালন করলে হবে না। শ্রমিকদের সব ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় কাঁচপুর বাসস্ট্যান্ডে লক্ষাধিক লোক নিয়ে শ্রমিক সমাবেশ ও র্যালি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজুর রহমান বলেন, আজকে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। অথচ দেশের পুলিশ-সেনাবাহিনী হতে শুরু করে যাদের অর্থের অভাব নেই, তারা রেশন পায়, শ্রমিকরা পায় না। শ্রমিকদের জন্য রেশনিং প্রক্রিয়া চালু করতে হবে। বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে ইনশাআল্লাহ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত মিছিল হয়। মিছিলে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ শাখার বিভিন্ন নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
