আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই : মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, শ্রমিকরা দেশের অন্যতম চালিকাশক্তি। কিন্তু, নানাভাবেই তারা নিগ্রহ ও বৈষম্যের শিকার। যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই মালিকরা লাভবান হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। শ্রমিকদের একটা মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ দিতে হবে। যেখানে সে প্রতিযোগিতামূলক বাজারে শ্রমের উপযুক্ত মূল্য পাবে। যে মূল্য দিয়ে সে পরিবারের বাকি সদস্যদের নিয়ে জীবনযাপন করতে পারবে। তাতে যেন খাওয়া-পড়ার পাশাপাশি শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা থাকে। তাকে কর্মস্থলে নিরাপদ পরিবেশ দিতে হবে। সেখানে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে। তাকে পেশাগত সমস্যা বলার জন্য মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। এই লক্ষ্য পূরণে আমরা সরকারের সঠিক ভূমিকা দেখতে চাই। এ লক্ষ্যে আমরা শ্রমিক বান্ধব আল্লাহভীরু একটি সরকার চাই।

বৃহস্পতিবার মে দিবস উপলক্ষ্যে সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি পূর্ব শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, অনেক শিল্প কল-কারখানায় শ্রমিকরা এত কম বেতন পান, যা দিয়ে দিন চলে না। ফলে তাদের ওভারটাইম করতে হয়। আবার অনেক জায়গায় ওভারটাইমের টাকাও সঠিকভাবে দেওয়া হয় না। এটি অমানবিক। আমরা শ্রমিকদের এই অমানবিক জীবনের অবসান চাই।

তিনি বলেন, শ্রমিক-মালিক এক হয়ে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টাতেই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও শোষণ বৈষম্যহীন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে হবে।

এতে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পিরোজপুর জেলা শাখার সভাপতি সভাপতি মো. সিদ্দিকুল ইসলাম। পরিচালনা করেন আল আমিন শেখ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মোহাম্মদ জহিরুল হক, জেলা উপদেষ্টা আব্দুর রাজ্জাক শেখ, পৌর উপদেষ্টা ইসাহাক আলি খান ও পিরোজপুর সদর উপজেলার উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights