সুন্দরবনের নদ-নদী বিষমুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
আন্তর্জাতিক নদী দিবসে বাগেরহাটের মোংলায় সুন্দরবন ও সংলগ্ন নদ-নদীকে দখল দূষণ ও বিষমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, বাপা নেতা কমলা সরকার, মার্টিন সরকার, চন্দ্রিকা মন্ডল, হাছিব সরদার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের ভিতরে এবং সুন্দরবন সংলগ্ন নদ-নদী বিষে সয়লাব হয়ে গেছে। গবেষণায় সুন্দরবনসহ সংলগ্ন নদ-নদীতে ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে যা মানব দেহের জন্য ক্ষতিকর। সুন্দরবনের বাপা’র জোন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন, পশুর নদীতে জাহাজ ডুবি ও জাহাজী বর্জ্য নিক্ষেপের ফলে নদী দূষণ হচ্ছে। সুন্দরবন সংলগ্ন প্রবাহমান নদী-খালে বাঁধ দিয়ে নদী দখল করা হয়েছে। সুন্দরবন এলাকার নদ-নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত এবং বিষমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights