জবি শিক্ষার্থী শ্রাবণীর যুক্তরাষ্ট্রে এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ: জবিতে প্রথমবারের মতো সম্মানজনক অর্জন
মেহেদী হাসান,জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুন নাহার শ্রাবনী যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিচালিত Study of the U.S. Institutes (SUSI) for Global Student Leaders প্রোগ্রামে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এই প্রোগ্রামের আওতায় তিনি আগামী ২৪ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেভাডায় এক মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করবেন।
এই অর্জনের পেছনে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ আয়োজিত ‘US Embassy: Exchange Opportunities’ শীর্ষক সেমিনারে তার অংশগ্রহণ, যেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কলারশিপ ও এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হয়।
এই উপলক্ষে আজ বৃহস্পতিবার (৮ মে) শ্রাবনী ও
আয়োজক বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. শামসুন নাহার, যিনি নিজেও একজন ইউএস এক্সচেঞ্জ অ্যালামনাই, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য মহোদয় শ্রাবণীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শিক্ষার্থীদের সফল অংশগ্রহণ আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার সক্ষমতার প্রমাণ বহন করে।”
শ্রাবনী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এটা শুধু আমার একার অর্জন নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর প্রেরণার উৎস। আমি চাই, আমার মত আরও অনেকে আন্তর্জাতিক সুযোগ কাজে লাগাক। আমি দেশ, বিশ্ববিদ্যালয় এবং আমার বিভাগের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।”
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষার্থী SUSI প্রোগ্রামে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ার একটি গৌরবজনক মাইলফলক।
