শাবিপ্রবিতে বাংলাদেশ-চায়না টি সামিট ২০ মে

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-চায়না টি সামিট-২০২৫’।

বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধীনে চাইনিজ কর্নার ও ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আগামী ২০মে বিশ্ববিদ্যালয়ের নতুন সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে এই সামিট অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন চায়নিজ কর্নারের সমন্বয়ক ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক।

চায়নিজ কর্নারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ও চীনের মধ্যে চা বাণিজ্য ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ‘বাংলাদেশ-চীন চা বাণিজ্য ও সহযোগিতা উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সামিট আয়োজন করা হচ্ছে। সামিটে চীন থেকে ১২ জন চা ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশগ্রহণ করবেন।

সামিটে অংশগ্রহণকারীদের জন্য থাকবে চা পানের সুযোগসহ স্টল প্রদর্শনের ব্যবস্থা। একইসঙ্গে চা শিল্প বিষয়ে কয়েকটি একাডেমিক সেশনও অনুষ্ঠিত হবে, যেখানে বাজার সম্প্রসারণ কৌশল, প্রযুক্তির ব্যবহার, সরকারি নীতিমালা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

চায়নিজ কর্নারের সমন্বয়ক অধ্যাপক ড. সাহাবুল হক বলেন, ‘সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে রয়েছে প্রায় দেড়শ’ চা বাগান। এই সামিটের মাধ্যমে এসব অঞ্চলের চা ব্যবসায়ীদের সঙ্গে চীনা ব্যবসায়ীদের একটি কার্যকর যোগসূত্র স্থাপন হবে। এটি বাংলাদেশ ও চীনের চা বাগান মালিক, উদ্যোক্তা ও রফতানিকারকদের জন্য বড় একটি সুযোগ হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights