নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণ কাজ চলাকালে দেয়াল চাপায় রফিকুল ইসলাম (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) দুপুরে উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের গৃধারীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার সকালে প্রতিবেশী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জু তালুকদারের বাসার পুরাতন দেয়াল ভেঙ্গে নতুন দেয়াল মেরামত করছিলেন রফিকুল ইসলামসহ আরও ২ জন শ্রমিক। হঠাৎ করেই দেয়ালটি ভেঙে পড়লে এর নিচে চাপা পড়েন রফিকুল। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় রফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন বাড়ির মালিক সাবেক কাউন্সিলর মঞ্জু বলেন, রফিকুল তার বাড়িতে দীর্ঘ ২০ বছর থেকে কাজ করে আসছেন। সম্প্রতি বাড়ির কিছু পুরানো ওয়াল ভেঙ্গে নতুন ওয়াল নির্মাণের কাজ শুরু করেছি, সে অনুযায়ী কাজ চলছে। প্রতিদিনই কাজ করতে আসেন রফিকুল ও তার সহকারী। হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটবে সেটা কেউ চিন্তাও করেনি।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কারো কোনো গাফিলতি আছে কিনা, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights