পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি

অনলাইন ডেস্ক
ঢাকার গুলশান ও বনানী এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করবে ঢাকা ওয়াসা, রাজউক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১৩ মে) বনানী লেকপাড়ে কড়াইল বস্তি সংলগ্ন নবনির্মিত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শনকালে এ কথা জানান ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ কামরুজ্জামান।

তিনি জানান, বনানী ১১ নম্বর সড়কের ব্রিজ থেকে কড়াইল বস্তির দিকে যে রাস্তাটি রয়েছে, সেটি রাজউকের মালিকানাধীন। রাজউক সেখানে একটি ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে ডিএনসিসিকে অনুরোধ করেছে। দ্রুত সময়ের মধ্যে ডিএনসিসি সেখানে ড্রেনেজ নির্মাণ কাজ শুরু করবে।

ডিএনসিসির প্রধান নির্বাহী আরও বলেন, ইউনিসেফের সহায়তায় ইতোমধ্যে তিনটি সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে, যেগুলো চলতি মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হবে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পরিচালিত এই প্রযুক্তি সফল হলে ভবিষ্যতে আরও এলাকাজুড়ে এ ধরনের প্ল্যান্ট স্থাপন করা হবে।

তিনি বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন তাদের পয়ঃবর্জ্য সরাসরি সিটি কর্পোরেশনের স্টর্ম ড্রেনে সংযোগ না দেন। যেসব এলাকায় ওয়াসার মূল পয়ঃবর্জ্য নিষ্কাশন নেটওয়ার্ক নেই, সেখানে বাড়ির মালিকদের নিজ উদ্যোগে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের পরামর্শ দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং গুলশান-বনানী সোসাইটির প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights