কুয়েটে ফের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সহিংসতা ও শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ৩৭ শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদে সোমবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিল থেকে শোকজ নোটিস প্রত্যাহারের দাবি জানানো হয়। এর আগে সোমবার সকালে শিক্ষার্থীদের শোকজ নোটিস দেয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের মধ্যে যারা রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও সাবেক ভিসি ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলেন তাদের অধিকাংশকে শোকজ করা হয়েছে। এর আগেও ৩৭ জনকে অভিযুক্ত করে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরে সিন্ডিকেট বৈঠকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। নতুন করে ৩৭ জনকে শোকজ করায় পরিস্থিতি ফের উত্তপ্ত হয়েছে।

অন্যদিকে কুয়েটে ৪ মে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এখনো ক্লাসে যাননি শিক্ষকরা। শিক্ষকনেতারা বলছেন, বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা ও কিছুসংখ্যক শিক্ষার্থীর হাতে শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকবেন শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights