স্ত্রী-সন্তানসহ যশোরের সাবেক মেয়রের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোর পৌরসভার সাবেক মেয়র, নিষিদ্ধ যুবলীগের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, তার স্ত্রী শামীমা শারমিন ও ছেলে সায়েদ আনান চাকলাদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ সোমবার যশোরের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি সিরাজুল ইসলাম।

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের এক আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। যদিও জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার স্বপরিবারে অনেক আগেই দেশ থেকে পালিয়েছেন বলে তার নিকটজনরা জানিয়েছেন।

দুদকের পিপি সিরাজুল ইসলাম জানান, দুদকের দায়ের করা অনুসন্ধান আবেদনে জানানো হয়, রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

তিনি বলেন, এ ব্যাপারে তদন্তের জন্য দুদকের প্রধান কার্যালয় থেকে দুদকের সহকারী পরিচালক আল-আমিনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। এ অবস্থায় অভিযুক্তরা দেশত্যাগ করলে তদন্ত প্রক্রিয়া শেষ করা ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে সমস্যা সৃষ্টি হতে পারে বলে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারক সে আবেদন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর জহিরুল ইসলাম রেন্টু চাকলাদারকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। তার ঘনিষ্টজনরা জানিয়েছেন, স্বপরিবারে অনেক আগেই তিনি দেশের বাইরে চলে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights