বাসে প্রতারকের পানি খেয়ে সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

বাসে যাত্রীবেশে বসা প্রতারকের দেওয়া পানীয় সেবন করে বিষক্রিয়ায় মারা গেছেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (৬০)। মঙ্গলবার (২০ মে) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৯ মে) সকালবেলা, যশোর থেকে কুষ্টিয়াগামী রূপসা গড়াই পরিবহনের একটি বাসে। পাশের সিটে বসা যাত্রীবেশী প্রতারক তাকে পানি পান করালে তিনি কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে পরদিন তার মৃত্যু ঘটে।

নিহত আবুল কালাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের রহিম বিশ্বাসের ছেলে। পরিবার নিয়ে তিনি যশোর শহরে বসবাস করতেন।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, যাত্রাপথে প্রতারক যাত্রী সেজে আবুল কালামের পাশে বসে কথাবার্তা শুরু করে এবং পরে পানি পান করায়। সরল বিশ্বাসে দেওয়া সেই পানি পান করার পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। তখনই প্রতারক বাস থেকে পালিয়ে যায়। পরে বাসের অন্য যাত্রীরা ও পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।

নিহতের পরিবার দাবি করেছে, এটি পরিকল্পিতভাবে অজ্ঞান পার্টির হামলা। এমন ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারা।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, “ধারণা করা হচ্ছে, প্রতারক ঝিনাইদহ বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে শৈলকূপা বাসস্ট্যান্ডে নেমে যায়। ঘটনাটি অজ্ঞান পার্টির কাজ বলেই প্রতীয়মান। বিস্তারিত তদন্ত চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights