পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা

অনলাইন ডেস্ক
আসন্ন পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ অংশ নিলেও, দলের সঙ্গে যাচ্ছেন না তরুণ পেসার নাহিদ রানা। স্কোয়াডে নাম থাকলেও শেষ মুহূর্তে সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

এছাড়া, দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও টিম ট্রেনারও পাকিস্তানে যাচ্ছেন না। তবে আইপিএলে খেলার কারণে বর্তমানে ভারতে অবস্থান করা পেসার মোস্তাফিজুর রহমান সফরে দলের সঙ্গে যোগ দেবেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।

সম্প্রতি পেশোয়ার জালমির হয়ে পিএসএলে খেলার সময় পাকিস্তানে ছিলেন নাহিদ রানা। একই সময়ে রিশাদ হোসেন খেলেন লাহোর কালান্দার্সের হয়ে। তবে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে টুর্নামেন্টটি মাঝপথে স্থগিত হয় এবং দুজনকেই জরুরি ভিত্তিতে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

ফাহিম বলেন, ‘পাকিস্তানে যে ধরনের অভিজ্ঞতা হয়েছে, হয়তো সে কারণেই নাহিদ রানা নিজের নাম প্রত্যাহার করেছে।’

নিরাপত্তা শঙ্কার কারণেই প্যামেন্ট ও ট্রেনারও সফরে যাচ্ছেন না। তবে একই অভিজ্ঞতার মুখোমুখি হলেও, দলের স্বার্থে পাকিস্তানে যাচ্ছেন রিশাদ হোসেন।

ফাহিম জানান, ‘নাহিদের মধ্যে অস্থিরতা কাজ করছে। আর বাকি দুইজন এমন পরিস্থিতির মুখোমুখি হতে চান না। তবে পাকিস্তান সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছে এবং বাংলাদেশ থেকেও একটি নিরাপত্তা দল পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।’

এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলে আইপিএলে যোগ দিয়েছেন মোস্তাফিজ। পাকিস্তান সিরিজে আবারও তিনি দলের সঙ্গে যুক্ত হবেন।

পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী হলেও বোলিং নিয়ে চিন্তিত ফাহিম। তিনি বলেন, ‘ব্যাটিং ভালো হচ্ছে, তবে বোলিং নিয়ে একটু চিন্তা আছে। আশা করছি সেটা ঠিক হয়ে যাবে। ভালো সিরিজ হবে বলে মনে করছি।’

সূচি অনুযায়ী প্রথম টি-টোয়েন্টি ২৮ মে, ৩০ মে ও ১ জুন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights