কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় “দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের পায়রা হল রুমে আয়োজিত এ প্রতিযোগিতায় চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো—খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাশেম আলী খান রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় এবং লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানটির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডে “পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ” বিষয়ে বিতর্কে জয়ী হয় কাশেম আলী খান রেসিডেন্সিয়াল বিদ্যালয় ও খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের দল।

ফাইনাল রাউন্ডে “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে”এই বিষয়ের উপর বিতর্কে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাশেম আলী খান রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের বিতার্কিক দল। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেন একই বিদ্যালয়ের শিক্ষার্থী সালসাবিল রাইয়ান সাইবা।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, নমিতা রাণী দত্ত ও সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।

বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দুর্নীতি বিরোধী এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, দুর্নীতি প্রতিরোধে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের চর্চা অপরিহার্য। শুধু পরিবার নয়, রাষ্ট্র, সরকার, রাজনীতি ও সমাজের প্রতিটি স্তরে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলা প্রয়োজন। তারা দুর্নীতিবাজদের সমাজের শত্রু হিসেবে চিহ্নিত করে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights