দেশে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক : খাদ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বুধবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে চলতি মৌসুমে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুত ও বিতরণ নিয়ে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় দেশজুড়ে শুরু হওয়া বোরো সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন খাদ্য উপদেষ্টা।

তিনি জানান, এবারের অভিযানে সরকার ১৪ লাখ টন চাল ও সাড়ে তিন লাখ টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে দেশে খাদ্য মজুত রয়েছে ১৫ লাখ টন, যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।

উপদেষ্টা বলেন, দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। যদি আমন মৌসুমেও বোরোর মতো উৎপাদন হয়, তাহলে চলতি মৌসুমে চাল আমদানির প্রয়োজন পড়বে না।

দারিদ্র্য জনগোষ্ঠীর সহায়তায় চলমান খাদ্য বান্ধব কর্মসূচি প্রসারিত করার কথাও জানান খাদ্য উপদেষ্টা। এখন প্রতি বছর পাঁচ মাস ৩০ কেজি চাল পাচ্ছেন ৫০ লাখ পরিবার। আগামী অর্থবছর থেকে তা বাড়িয়ে ৬ মাসে ৫৫ লাখ পরিবারে উন্নীত করা হবে বলে ঘোষণা দেন তিনি।

এছাড়া, নতুন তালিকা প্রণয়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights