যাত্রী সেজে জামালপুর রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

জামালপুর প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের টিকিট কালোবাজারি ও নানা অনিয়ম রোধে বিশেষ অভিযান চালালো দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে যাত্রীবেশে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম ও আতিউর রহমান। তারা স্টেশন মাস্টারের কক্ষ, টিকিট কাউন্টার, যাত্রী বিশ্রামাগার, রেলওয়ে থানা ও পার্সেল বুকিং রুমসহ পুরো স্টেশন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা বেশ কয়েকটি অনিয়মের প্রমাণ পান। পার্সেল বুকিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া নেওয়ার অনিয়ম ধরা পড়ে। এছাড়াও স্টেশনে যাত্রীদের জন্য বসার চেয়ারে ছিলো ময়লা-আবর্জনা এবং ওয়াশরুম ছিলো অপরিচ্ছন্ন।

দুদক কর্মকর্তা জিহাদুল ইসলাম জানান, কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছি। বিশেষ করে অতিরিক্ত চার্জ আদায় ও পরিবেশগত অব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। অভিযানের বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।’

অভিযানের সময় স্টেশন এলাকায় স্বাভাবিক দিনের তুলনায় ভিড় ছিলো কম। ধারণা করা হচ্ছে, দুদকের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ায় কালোবাজারি ও অনিয়মে জড়িতরা স্টেশন এলাকা থেকে সরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights