আমরা খুনি, টাকা পাচারকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে : চরমোনাই পীর

দিনাজপুর প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ((চরমোনাই পীর) বলেছেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা বোকামি। যারা দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, তাদের সঙ্গে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা খুনি, টাকা পাচারকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে। যারা চাঁদাবাজি করছে বাংলার মাটিতে, তাদের কবর রচনা করা হবে।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ইসলামী আন্দোলনের জনসভায় তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে হাজার হাজার মায়ের কোল শূন্য হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা পঙ্গুত্ববরণ করে তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়েছে।

তিনি বলেন, তড়িঘড়ি করে নির্বাচন করতে গেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যারা ভোট করে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, তারা এখনো চেয়ারে রয়েছেন। তড়িঘড়ি করে ভোট করতে গেলে, তারাই ভোট গ্রহণ করবেন। এতে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।

চরমোনাই পীর বলেন, অবশ্যই আগে সংস্কার হতে হবে, তারপর নির্বাচন। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আগে সংস্কার তারপরে নির্বাচনের পক্ষে মত দিয়েছি।

ইসলামী আন্দোলন দিনাজপুর জেলা দক্ষিণের সভাপতি ডা. নুর আলমের সভাপতিত্বে জনসভায় ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ, সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী প্রমুখ বক্তব্য রাখেন। ইসলামী ছাত্র আন্দোলনের দিনাজপুর শাখার সেক্রেটারি মুহাম্মাদ খাইরুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights