পেকুয়ায় পুকুর থেকে বস্তা মোড়ানো অস্ত্র উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দু’টি কিরিচ উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্মাখালী এলাকা থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন এনামুলের নেতৃত্বে একদল বস্তা মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্রগুলো থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা। তিনি বলেন, সেনাবাহিনীর একটি দল পশ্চিম বাইম্মাখালী এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মোকাম্মেলের মালিকানাধীন একটি পুকুর থেকে সকালে বস্তা মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে। মোকাম্মেল বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি সিরাজুল মোস্তফা।
