শেখ হাসিনা-দুর্জয়-সিদ্দিকসহ ৩১২ জনের নামে হত্যা মামলা

অনলাইন ডেস্ক

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তর বাড্ডায় ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী নামে একজন নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর পাশাপাশি ক্রিকেটার ও অভিনেতাকেও আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বাদীপক্ষের আইনজীবী মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৬ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নিহতের বাবা মো. সবুজ বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্ডা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শাজাহান খান, লে. কর্নেল (অব.) ফারুক খান ও কামরুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত, খসরু চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সালমা চৌধুরী, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও অভিনেতা সিদ্দিকুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বিকেলে ৫০০/৭০০ জন আন্দোলনকারী বাড্ডা থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলন করতে থাকেন।

এ সময় তাদের পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে ও গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন পারভেজ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights