যুক্তরাষ্ট্রে ট্রাক উল্টে উড়ে গেল ২৫ কোটি মৌমাছি, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি ট্রাক দুর্ঘটনায় প্রায় ২৫ কোটি মৌমাছি ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্কতা জারি করে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের সীমান্তবর্তী ওয়াটকম কাউন্টিতে। সেখানে একটি সেমি-ট্রেইলার ট্রাক উল্টে গেলে তাতে থাকা মৌচাকভর্তি বাক্সগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে এবং বিপুলসংখ্যক মৌমাছি মুক্ত হয়ে যায়।

ওয়াটকম কাউন্টি শেরিফ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, “২৫ কোটি মৌমাছি এখন মুক্ত অবস্থায় রয়েছে। মৌমাছি দলবেঁধে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় অনুগ্রহ করে এলাকাটি এড়িয়ে চলুন।”

জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশের সড়কগুলোতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞ মৌচাষিদের সহায়তায় ছড়িয়ে পড়া মৌমাছিগুলো নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।

মৌচাষিরা কেবল মধু উৎপাদনের জন্যই মৌমাছি পালন করেন না; অনেক সময় কৃষকদের ফসলের পরাগায়নে সহায়তা করতে মৌচাক ভাড়াও দেন। এই মৌমাছি পরিবহন কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে দুর্ঘটনার পর মৌমাছির দল এলাকায় ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্যের ঝুঁকি দেখা দিয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। -বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights