ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির পরিচালককে বরখাস্ত করলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির পরিচালক কিম সাজেটকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তাকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে আনা হয়েছে ‘উচ্চমাত্রায় পক্ষপাতদুষ্ট’ হওয়ার অভিযোগ।
দেশটির সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের যে পরিকল্পনা ট্রাম্প বাস্তবায়ন করছেন, এ পদক্ষেপ সেই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন।
মার্কিন সরকারি অর্থায়নে পরিচালিত ওয়াশিংটনের এই জাদুঘরটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিত্রকর্ম সংরক্ষণ করে থাকে। কিন্তু ট্রাম্পের মতে, এটি এখন এমন এক শিল্পজগতের অংশ হয়ে উঠেছে, যা তার ডেমোক্র্যাটিক প্রতিপক্ষদের প্রভাবাধীন এবং তার প্রশাসনের প্রতি বৈরী মনোভাব পোষণ করে।
ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “অনেক মানুষের অনুরোধ ও সুপারিশের ভিত্তিতে আমি কিম সাজেটকে ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির পরিচালক পদ থেকে বরখাস্ত করছি।”
তিনি আরও লেখেন, “তিনি একজন উচ্চমাত্রায় পক্ষপাতদুষ্ট ব্যক্তি এবং ডিইআই (ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুজন) এর প্রবল সমর্থক, যে কারণে তার পদে থাকা একেবারেই অনুচিত।”
