হেলমেট ধরে টানাটানির ঘটনায় শাস্তি পেলেন তিন ক্রিকেটার

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের ম্যাচে বাক-বিতণ্ডা ও হেলমেট ধরে টানাটানির ঘটনায় তিন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি পাওয়া দু’জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হলেন ইনোসেন্ট এনতুলি ও মিকায়েল প্রিন্স এবং বাংলাদেশের রিপন মণ্ডল।

গত বুধবার দ্বিতীয় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশি ক্রিকেটার রিপন মণ্ডলের হেলমেট টানার ঘটনা সাম্প্রতিক সময়ে আলোচিত ইস্যুগুলোর একটি। যার কারণে শাস্তি থেকে রেহাই পাননি এই তিন ক্রিকেটার।

তিন ক্রিকেটারকে শাস্তি প্রদানের বিষয়টি নিয়ে ম্যাচ রেফারি সেলিম শাহেদ বলেন, ‘(রিপনের হেলমেট টানা) ইনোসেন্ট এনতুলিকে চারটি সাসপেনশন পয়েন্ট দিয়েছি। তার আরেক সতীর্থ ক্রিকেটার মিকায়েল প্রিন্সকে দেওয়া হয়েছে এক পয়েন্ট। এ ছাড়া বাজে শব্দ ব্যবহারের কারণে রিপন মণ্ডলকে দু’টি পয়েন্ট দেওয়া হয়েছে।’

তবে উল্লেখ্য ক্রিকেটারদের এটাই চূড়ান্ত শাস্তি নয় বলেও জানান তিনি। নিষেধাজ্ঞা কিংবা আর্থিক জরিমানাসহ আরও শাস্তি আসতে পারে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নিজস্ব ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

ম্যাচ রেফারি সেলিম শাহেদ আরও জানান, ‘আমরা সাসপেনশন পয়েন্ট দিয়ে দিয়েছি, এখন পয়েন্ট অনুযায়ী দুই বোর্ড যে সিদ্ধান্ত নেয় আরকি। তারা কয় ম্যাচ ফাইন করবে, তা ওয়ানডে-টেস্ট নাকি টি-টোয়েন্টিতে মানা হবে সেটা তাদের ব্যাপার। দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে আমরা প্রমাণও পাঠিয়েছি।’

বুধবার (২৮ মে) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং–দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দ্বিতীয় চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। বাংলাদেশ ইমার্জিংয়ের ১০৫তম ওভারে এনতুলির বলে ছক্কা মারেন রিপন। এরপর বোলারের উদ্দেশে রিপন কিছু বলার পর এনতুলি তাঁর দিকে এগিয়ে যান।

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রিপনের হেলমেট ধরে টান দেন এনতুলি, অনেকটা নুইয়ে পড়েন বাংলাদেশের পেসার। তখন রিপনের দিকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় মিকায়েলকে। পরে আম্পায়াররা এসে পরিস্থিতি ঠান্ডা করেন। দুই বল পর রিপনের দিকে বল ছুড়ে মারেন এনতুলি।

শেষ দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। এর আগে প্রথম ইনিংসে ৩৭১ রান করে বাংলাদেশ ইমাজিং। বৃষ্টির আগে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং তোলে ৬ উইকেটে ১৫২ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights