বাজেটে গ্রামীণ মজুরদের রেশনিং ও পেনশনের জন্য পর্যাপ্ত বরাদ্দের দাবি
গাইবান্ধা প্রতিনিধি
আসন্ন বাজেটে গ্রামীণ মজুরদের জন্য রেশনিং, বিনা জমায় পেনশন স্কীম চালু, গ্রামীণ প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। সংগঠনটির জেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১টায় সংগঠনের জেলা কমিটির উদ্যোগে শহরের ডিবি রোডের ১ নম্বর রেল গেট থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে ফিরে এসে সমাবেশ করেন তারা।
ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জেলা কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম পিপুল, মশিউর রহমান মইশাল, আইয়ুব আলী, ইদ্রিস আলী প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মেহনতি মানুষ বৈষম্যের শিকার আর গ্রামীণ ক্ষেতমজুররা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। বক্তারা আসন্ন বাজেটে গ্রামীণ মজুরদের জন্য সর্বত্র রেশনিং চালু, বিনা জমায় পেনশন স্কীম চালু, গ্রামীণ প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দ দেয়ার জোর দাবি জানান।
