নেত্রকোনায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, চারদিনে জনজীবনে দুর্ভোগ

অনলাইন ডেস্ক

নিম্নচাপের প্রভাবে গত চারদিন ধরে নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবনে নেমে আসে স্থবিরতা। তবে রবিবার (১ জুন) সকাল থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে আসে জনমনে।

নেত্রকোনা আবহাওয়া অফিস জানায়, শনিবার (৩১ মে) ভোর ৬টা থেকে রবিবার (১ জুন) ভোর ৬টা পর্যন্ত ১৭৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি সময়ের মধ্যে সর্বোচ্চ। এর আগের দিনগুলোতেও বৃষ্টিপাতের মাত্রা ছিল উল্লেখযোগ্য—শুক্রবার ৫০.১ মি.মি., বৃহস্পতিবার ১০২.৯ মি.মি. ও বুধবার ১১৩.৯ মি.মি।

টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন দোকানপাট ও ঘরবাড়িতে পানি জমে যায়। কর্মজীবী মানুষজন আশ্রয় নেয় দোকানের ছাউনি বা বারান্দায়। কামার পট্টির কাজেও ছিলো স্থবিরতা।

জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, জেলার সোমেশ্বরী, উব্দাখালী, কংশ, ধনু ও মগড়া নদীর পানি কিছুটা বেড়েছে তবে এখনো বিপদসীমার নিচে রয়েছে।

স্থানীয় কামার সুভাষ চন্দ্র সরকার জানান, শনিবার তার কাজ বন্ধ ছিল, হাতে মাথা দিয়ে বসে দিন কাটাতে হয়। নদীগুলোতে পানির প্রবাহ বেড়েছে, তবে ভরাট ও দূষণের কারণে ধারণক্ষমতা কমে যাওয়ায় আগেভাগেই নদীগুলো উপচে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights