সিএমএম আদালতের কর্মচারীরা পেলেন মাসব্যাপী আইনগত প্রশিক্ষণ
অনলাইন ডেস্ক
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সহায়ক কর্মচারীদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স ২০২৫ শেষ হয়েছে। সোমবার সিএমএম আদালতের সম্মেলন কক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়।
এতে সিএমএম কোর্ট ও জিআরও শাখার বিভিন্ন পর্যায়ের অন্তত ২৫০ জন কর্মচারী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বাস্তবিক বিভিন্ন বিষয়সহ আইনগত বিষয়ের হাতে কলমে শেখানো এ অনুষ্ঠানে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব।
অনুষ্ঠানে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ প্রশিক্ষণার্থী কর্মচারীবৃন্দ এবং জি.আর শাখার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন- কোর্স পরিচালক ও এসিএমএম মো. জাকির হোসাইন এবং মো. ছানাউল্যাহ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন মাসব্যাপী দীর্ঘ প্রশিক্ষণ প্রদানের জন্য আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। অর্জিত প্রশিক্ষণকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা তাদের স্বাভাবিক কার্যক্রম ও আদালতে দায়িত্ব সঠিকভাবে পালন করবে আশা প্রকাশ করে তিনি বলেন, এটা জনগণকে ন্যায় বিচার প্রদানে সহায়তা করবে। ভবিষ্যতে সিএমএম আদালত আরো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
