ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহী নয় টেসলা

অনলাইন ডেস্ক
ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহ দেখায়নি ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা।

ভারতের ভারী শিল্প মন্ত্রী এইচ ডি কুমারস্বামী এই তথ্য জানিয়েছেন।

সোমবার ভারত সরকার দেশের মধ্যে বৈদ্যুতিক যানবাহন (ইভি) উৎপাদনকে উৎসাহিত করতে নতুন একটি প্রণোদনা প্রকল্পের বিস্তারিত দিকনির্দেশনা প্রকাশ করে। একই দিনে মন্ত্রী এই মন্তব্য করেন।

এটি প্রথমবারের মতো সরকারিভাবে স্বীকার করা হলো যে, বিভিন্ন প্রণোদনা ঘোষণা দেওয়ার পরেও টেসলার মতো বৈশ্বিক ইভি নির্মাতা সংস্থাকে ভারত আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে।

মন্ত্রী জানান, টেসলা ভারতে দুটি শোরুম চালু করবে ও খুচরা বাজারে উপস্থিত থাকবে। তবে উৎপাদনে তাদের কোনও অংশগ্রহণ আপাতত হচ্ছে না।

কুমারস্বামী আরও বলেন, মার্সিডিজ বেঞ্জ, স্কোডা-ভক্সওয়াগেন, হুন্ডাই ও কিয়ার পক্ষ থেকে উৎপাদনের আগ্রহ দেখা গেছে। তবে টেসলার ব্যাপারে আমরা এখন আর প্রত্যাশা করছি না।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এক সরকারি কর্মকর্তা জানান, টেসলার একজন প্রতিনিধি প্রথম দফার স্টেকহোল্ডার বৈঠকে অংশ নিলেও দ্বিতীয় ও তৃতীয় দফায় উপস্থিত ছিলেন না।

এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে বলেছিলেন, টেসলা যদি ভারতে কারখানা গড়ে তোলে তবে তা যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য হবে।

বিগত কয়েক বছরে ভারতের বাজারে প্রবেশ নিয়ে টেসলার সঙ্গে একাধিকবার আলোচনা হলেও শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights