৩৫ হাজার মানুষের পরিশ্রমে পরিচ্ছন্ন হয়েছে দেশের সব সিটি করপোরেশন

কোরবানির ঈদে দেশের সব সিটি করপোরেশনে সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৭ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে তিনি বলেন, সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সুন্দর করেছেন আমাদের ঈদ উদযাপন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।

এর আগে, দুপুর ২টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আনুষ্ঠানিকভাবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

এসময় তিনি বলেছিলেন, দুই সিটিতেই আজ রাতের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। সিটি করপোরেশন নির্ধারিত যে সময় বেধে দিয়েছে, আশা করছি এর মধ্যেই তারা বর্জ্য অপসারণের কাজ শেষ করতে পারবে। পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমে নগরবাসীকে একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব।

জানা গেছে, এবার সব মিলিয়ে দেশের ১২টি সিটি করপোরেশনে ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মীর নিরলস পরিশ্রমে সফলভাবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ১০ হাজার ৪৩১ জন পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করেন এবং ৮৫০টির মতো যানবাহন ব্যবহার করা হয় বর্জ্য পরিবহনের কাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights