কারাগারে বন্দীদের বিশেষ সুবিধা, দর্শনার্থীদের ফুলেল শুভেচ্ছা

কুড়িগ্রাম প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

কারাগার সূত্রে জানা গেছে, ৮ জুন থেকে ১০ জুন পর্যন্ত তিন দিন বন্দীরা নিজ বাড়িতে রান্না করা খাবার গ্রহণ করার সুযোগ পাচ্ছেন। এ সময় স্বজনরা নির্বিঘ্নে কারাগারে খাবার নিয়ে প্রবেশ করতে পারছেন। দর্শনার্থীদের কারা কর্তৃপক্ষ ফুল দিয়ে বরণ করছেন, তপ্ত রোদে ক্লান্ত স্বজনদের জন্য রাখা হয়েছে সুপেয় পানির ব্যবস্থা। ঈদের এই আনন্দঘন সময়ে তা যেন এক মানবিক উদ্যোগের দৃষ্টান্ত।

এছাড়া ঈদের তিন দিনের মধ্যে যেকোনো একদিন বন্দীরা তাদের স্বজনদের সঙ্গে মুঠোফোনে ৫ মিনিট বিনামূল্যে কথা বলার সুযোগ পাচ্ছেন। খাবারের তালিকায় রাখা হয়েছে মৌসুমী ফল—লিচু ও কাঁঠাল।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এজি মামুদ বলেন, ‘ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহায় আমরা বন্দীদের জন্য সর্বোচ্চ মানবিকতা প্রদর্শনের চেষ্টা করছি। তারা বাসায় রান্না করা খাবারসহ মৌসুমী ফল পাচ্ছেন। নিয়মিত দর্শনার্থীদের ফুল দিয়ে বরণ করা হচ্ছে, রয়েছে পানীয় জলের ব্যবস্থাও।’

তিনি আরও জানান, স্বজনদের আনিত খাবার পরীক্ষা-নিরীক্ষা করেই বন্দীদের পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত সাক্ষাৎসূচির বাইরেও ঈদের এই তিন দিনের যেকোনো একদিন বন্দীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকছে।

উল্লেখ্য, বর্তমানে এই কারাগারে মোট ৩১০ জন বন্দী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights