‘তাণ্ডব’ চলাকালে কারিগরি ত্রুটি, রাজবাড়ীতে সিনেমা হলে ভাঙচুর
রাজবাড়ী প্রতিনিধি
ঈদের দিন শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শনের সময় কারিগরি ত্রুটির কারণে রাজবাড়ীর কালুখালী উপজেলার বৈশাখী সিনেমা হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ দর্শকরা এই হামলা চালান।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঈদ উপলক্ষে ‘তাণ্ডব’ দেখতে বৈশাখী হলে দর্শকের উপচে পড়া ভিড় ছিল। হলে প্রায় ২৫০ জন দর্শকের ধারণক্ষমতা রয়েছে। রাতের শো চলাকালে কারিগরি ত্রুটির কারণে হঠাৎ করে সিনেমা বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট চেষ্টা করেও সিনেমা চালু করতে ব্যর্থ হন কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে দর্শকরা হলে ভাঙচুর শুরু করেন। তারা বেশ কয়েকটি চেয়ার, ফ্যান ও টিকিট কাউন্টার ভেঙে ফেলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ সিনেমা বন্ধ হয়ে যায়। আমরা আধাঘণ্টার মতো অপেক্ষা করেছি। কিন্তু যখন দেখা গেল আর চালু হচ্ছে না, তখন দর্শকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে টিকিটের টাকা ফেরত চাইলে হলে উত্তেজনা শুরু হয়।’
বৈশাখী সিনেমা হলের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের হলে ২৫০ আসন রয়েছে। রাত সাড়ে ১০টার দিকে সার্ভারে সমস্যা দেখা দেয়, যা প্রায় ৩০ মিনিট স্থায়ী ছিল। এই সময় দর্শকদের একটি অংশ উত্তেজিত হয়ে ওঠে এবং ভাঙচুর করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
কালুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমাদের কেউ জানায়নি। হল কর্তৃপক্ষ এখনো আমাদের কাছে কোনো অভিযোগ করেনি।’
