রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

ইউক্রেনের মধ্যাঞ্চলে রাতভর রাশিয়ার ড্রোন ও বিমান হামলায় এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে রবিবার আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন।

এএফপি জানায়, রাশিয়া ডিনিপ্রোপেট্রোভস্কের শিল্পাঞ্চলে ড্রোন, কামান ও রকেট লঞ্চার দিয়ে হামলা চালায়। হামলায় ভবন এবং বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ইস্তাম্বুলের সর্বশেষ আলোচনায় তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হওয়ায় রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার হামলা বৃদ্ধি করেছে।

দিনিপ্রোপেট্রোভস্ক কাউন্সিলের প্রধান মাইকোলা লুকাশুক বলেছেন, ‘রাশিয়া সিনেলনিকিভস্কি জেলায় বোমা হামলা চালিয়েছে। হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।’

লুকাশুক বলেন, ‘তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

তিনি আরো বলেন, ‘হামলায় পাঁচটি ব্যক্তিগত বাড়ি ও একটি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

অন্যদিকে, নিকোপোল জেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান, চারটি বাড়ি এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন আগে রাশিয়ার বিমান হামলায় ডিনিপ্রোপেট্রোভস্কের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ১২ জন সৈন্য নিহত হয়।

রাশিয়ার বিমান ঘাঁটিতে কিয়েভের হামলার প্রতিশোধ হিসাবে মস্কো সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক হামলা চালিয়েছে যাচ্ছে। উভয় পক্ষই একে অপরকে বৃহৎ পরিসরে বন্দী বিনিময় বিলম্বিত করার জন্য অভিযুক্ত করেছে। যা ইস্তাম্বুলে আলোচনার একমাত্র সুনির্দিষ্ট ফলাফল। এই সপ্তাহের শেষে উভয় পক্ষের এক হাজারেরও বেশি লোককে মুক্তি দেওয়ার কথা ছিল।

মস্কো শনিবার দাবি করেছে, ইউক্রেন বন্দী সেনা বিনিময়ের জন্য কোনো তারিখ চূড়ান্ত করেনি। অন্যদিকে কিয়েভ অভিযোগ করেছে, রাশিয়া আগের নির্ধারিত শর্ত না মেনে ‘নোংরা খেলা’ খেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights