ড. ইউনূসকে যে উপহার দিলেন তারেক রহমান
অনলাইন প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে। বৈঠকে অধ্যাপক ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দিয়েছেন তারেক রহমান।
আজ শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেওয়া উপহারের দুটি বই ও একটি কলমের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ড. ইউনূসকে যে উপহার দিলেন তারেক রহমান
উপহারের বই দুটির মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গের ‘নো ওয়ান ইজ টু স্মল টু মেইক এ ডিফরেন্স’। বইটি গ্রেটা থুনবার্গের প্রথম ইংরেজি বই, যা বিশ্বজুড়ে জলবায়ু সমাবেশ থেকে জাতিসংঘ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ব্রিটিশ পার্লামেন্ট এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসে দেওয়া তার বক্তব্যের সংগ্রহ।
উপহারের অন্য বইটি হলো, ‘নেচার ম্যাটারস: ভাইটাল পোয়েমস ফ্রম দ্য গ্লোবাল মেজরিটি’। এটি একটি নির্বাচিত কবিতা সংগ্রহ, যা প্রকৃতি এবং পরিবেশবিষয়ক কবিতাগুলোকে বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে। এই সংগ্রহে বিভিন্ন জাতি ও সংস্কৃতির কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে।
