ট্রান্সফার ফির রেকর্ড গড়ে জার্মান মিডফিল্ডারকে দলে নিচ্ছে লিভারপুল
ইংলিশ ক্লাব লিভারপুল ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ডিল সম্পন্ন করতে যাচ্ছে। জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজকে দলে টানতে রেকর্ড পরিমাণ অর্থে সমঝোতায় পৌঁছেছে তারা। খবর বিবিসি।
জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন থেকে ভিরৎজকে আনতে প্রাথমিকভাবে লিভারপুলের খরচ হবে ১০ কোটি ৫০ লাখ পাউন্ড। পারফরম্যান্সভিত্তিক বোনাস যোগ হলে এই অঙ্ক বেড়ে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে পৌঁছাতে পারে। এটি হলে ব্রিটিশ ফুটবলে ট্রান্সফার ফিতে নতুন রেকর্ড গড়বে ‘অল রেড’রা।
বর্তমানে এই রেকর্ড রয়েছে চেলসির দখলে। ২০২৩ সালের জানুয়ারিতে তারা আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেসকে বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে দলে ভেড়ায়। ওই বছরের আগস্টে মোইসেস কাইসেদোকে কিনতে ব্রাইটনকে দেয় ১০ কোটি পাউন্ড, যা বোনাসসহ দাঁড়ায় ১১ কোটি ৫০ লাখ পাউন্ডে।
লিভারপুলের ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল চুক্তি। এর আগে ২০২২ সালে দারউইন নুনেসকে কিনতে বেনফিকাকে তারা দিয়েছিল ৬ কোটি ৪০ লাখ পাউন্ড, যা পরবর্তীতে বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৫০ লাখ পাউন্ডে। ২০১৮ সালে ভার্জিল ফন ডাইককে সাউথ্যাম্পটন থেকে আনতে লিভারপুল দিয়েছিল ৭ কোটি ৫০ লাখ পাউন্ড।
ভিরৎজের পেছনে আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখও। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের ব্যক্তিগত পছন্দ ছিল লিভারপুলেই খেলা।
বায়ার লেভারকুজেনের হয়ে নিজের পেশাদার ক্যারিয়ার শুরু করা ভিরৎজ এখন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন ১৯৭টি ম্যাচ, যেখানে তার গোল ৫৭টি।
২০২৩-২৪ মৌসুমে ক্লাবটির প্রথম বুন্দেসলিগা শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি এবং মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
জার্মানি জাতীয় দলের হয়ে ২০২১ সালে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত তিনি খেলেছেন ৩১টি ম্যাচ এবং গোল করেছেন ৭টি।
এ গ্রীষ্মে ভিরৎজ হচ্ছেন লেভারকুজেন থেকে লিভারপুলে আসা দ্বিতীয় খেলোয়াড়। এর আগে ডাচ ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিমপংকে দলে নিয়েছে অল রেডসরা।
